সাইয়্যিদুজ্জামান সাদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নির্মাণ শ্রমিকদের অংশগ্রহণে শ্রমিক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ অডিটোরিয়ামে রাজারহাট উপজেলা (ইমারত) নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা (ইমারত) নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি আতাউর রহমান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মাহে রমজানের গুরুত্ব ও শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ কফিল উদ্দিন।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহাম্মদ আলী, মাওলানা মোঃ শাহজালাল বসুনিয়া, মোঃ জাহিদুল ইসলাম সোহেল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম।
সমাবেশে বক্তারা নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিক ও মালিকের সুসম্পর্ক দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে। বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে শ্রমিকদের কল্যাণে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শ্রমিকদের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে কয়েকশত শ্রমিক ও আমন্ত্রিত অতিথির অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

