জামাল হোসেন তারেক, কুলাউড়া (মৌলভীবাজার)
মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনীসহ ছয়জনকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। এ সময় প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া পৌরশহরের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেশি-বিদেশি নামী ব্র্যান্ডের নকল প্রসাধনী বিক্রির অভিযোগে ছয়জনকে আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন। এ সময় বিপুল পরিমাণ নকল কসমেটিকস জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

