মোঃ মিরাজুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জ উপজেলার রামপুর মধ্যপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা মো. রনজু মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বাড়ির আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় হঠাৎ করেই রনজু মিয়ার ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী সমবেত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু টিনের চাল ও ঘরের মালামাল দ্রুত পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
ক্ষতিগ্রস্ত রনজু মিয়া জানিয়েছেন, আগুনে তার পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ঘরের মূল্যবান আসবাবপত্র, ধান-চাল এবং ঘরে রাখা নগদ টাকা সবই পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের দাবী, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, আগুন এত দ্রুত ছড়িয়েছিল যে ভেতর থেকে কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। তারা পরিবারের জন্য জরুরি সহায়তা কামনা করছেন।

