5169
Loading ...

শ্রীনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো. মাসুদ রানা, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের আম্বানীপাড়া এলাকায় পরিত্যক্ত একটি বাড়ি থেকে রানা আহম্মেদ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থলটি চায়না প্রজেক্টের দক্ষিণ পাশে এবং রেললাইনের পশ্চিম পাশে অবস্থিত।

নিহত রানা আহম্মেদ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দামদীপুর গ্রামের আজিজুলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আম্বানীপাড়া এলাকার একটি কালী কড়াই গাছের সঙ্গে তার পরিহিত লুঙ্গির একাংশ দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নিহতের বড় বোনের স্বামী জানান, গত ২ মার্চ শ্রমিকের কাজের উদ্দেশ্যে তিনি রানাকে সঙ্গে নিয়ে শ্রীনগরে আসেন। মঙ্গলবার সকালে কাজের জন্য ডাক দিলেও রানা কাজে যাননি। পরে সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফিরে তিনি রানাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাইনুল হোসেন খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মৃত ব্যক্তির কাছে একটি বাটন মোবাইল ফোন ও কিছু টাকা পাওয়া যায়। মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি অপমৃত্যু বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *