কাশেম বিন আবু জুবায়ের, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মোবাইল চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে এলাকাবাসীর ব্যতিক্রমী শাস্তি দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৪ মার্চ) একলাশপুর এলাকার ভিআইপি রোডের দানা মিয়া পণ্ডিত বাড়িতে তারাবির নামাজ চলাকালে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, নামাজের সুযোগে ঘরে ঢুকে একটি মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করলে জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে।
পরে উত্তেজিত এলাকাবাসী তাকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেয়। অভিযোগ রয়েছে, তাকে পিঁপড়ার বাসা লাগিয়ে শাস্তি দেওয়া হয়। এ সময় এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা ক্ষুব্ধ ছিলেন। ধারাবাহিক চুরির ঘটনার প্রতিবাদ হিসেবেই এমন প্রতিক্রিয়া দেখানো হয়েছে বলে দাবি তাদের।
তবে সচেতন মহল মনে করছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়; বরং অভিযুক্তদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করাই উচিত। এ বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

