নিজস্ব প্রতিবেদক, পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে এক যুবক জনতার হাতে আটক হয়েছেন। বুধবার (৪ মার্চ ২০২৬) হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পাশে রাখা একটি মোটরসাইকেল কৌশলে চুরির চেষ্টা করছিলেন ওই যুবক। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এসময় চোর সন্দেহে উত্তেজিত জনতা তাকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত অবস্থায় যুবককে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এ ঘটনায়। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

