মোঃমাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁদাবাজি, অবৈধভাবে ফসলি জমির মাটি বিক্রি ও জাল দলিল তৈরিসহ একাধিক অভিযোগে অভিযুক্ত এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
সোমবার (২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লার চর এলাকা থেকে জাহাঙ্গীর ও রেজাউলকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত দু’জনই একই ইউনিয়নের মোল্লাচর গ্রামের বাসিন্দা এবং আব্দুল রাজ্জাকের পুত্র।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অবৈধভাবে ফসলি জমির মাটি বিক্রি এবং জাল দলিলের মাধ্যমে জমি সংক্রান্ত প্রতারণার অভিযোগ ছিল। এসব ঘটনায় দায়ের করা একাধিক মামলার মধ্যে মামলা নং- ১১(০২)২৬-এর এজাহারনামীয় আসামি হিসেবেও তারা চিহ্নিত। সংশ্লিষ্ট মামলাগুলোতে আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
এ বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান বলেন, আসামিদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

