মোঃমাসুদ রানা,
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি ব্যবহার করে ইট প্রস্তুতের দায়ে তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
আজ মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে অবস্থিত মেসার্স খোশাল মাদবর ব্রিকস, মেসার্স সামাদ ব্রিকস এবং ইকোসিরামিক্স লিমিটেড ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: তৌহিদুল ইসলাম বারি। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো: ছানোয়ার হোসেন। এছাড়া সিরাজদিখান থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
অভিযানে দেখা যায়, জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই ইট প্রস্তুতের জন্য কৃষিজমির উপরিস্তরের মাটি ব্যবহার করা হচ্ছে, যা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারার লঙ্ঘন। এ অপরাধে আইনের ১৫(১) ধারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ম্যানেজার বনি আমিনকে ২ লাখ টাকা, লালনকে ২ লাখ টাকা এবং ইমতিয়াজ মামুনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে লাইসেন্স হালনাগাদ, পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং ভবিষ্যতে কৃষিজমির মাটি ব্যবহার থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

