মোঃমাসুদ রানা,
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় দায়ের হওয়া একটি চুরি মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং চোরাইকৃত স্বর্ণ বিক্রির ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নূর আলম (৪৭) নামে এক ব্যক্তি থানায় এজাহার দায়ের করে অভিযোগ করেন, গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মীর হোসেন (৫০) ও মো. শাকিল (৩৫) সহ অজ্ঞাতনামা আরও দুইজন তার বাড়িতে প্রবেশ করে। পূর্ব পরিচয়ের সুবাদে দরজা খুলে দিলে তারা ঘরে ঢুকে বাদীর মাকে জোরপূর্বক হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে তার গলায় থাকা প্রায় ৯৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন এবং ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের কানের দুল খুলে নিয়ে যায়।
এ ঘটনায় মামলা দায়েরের পর গত ২ মার্চ ২০২৬ তারিখে এসআই মো. মোয়াজ্জেম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামী মীর হোসেনকে শ্রীনগর থানা এলাকা থেকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত স্বর্ণ বিক্রির ৩৬ হাজার টাকা উদ্ধার করে পুলিশ, যা জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

