5169
Loading ...

কালাইয়ে অবৈধভাবে পুকুরের মাটি কাটা ও বিক্রির দায়ে ৭০ হাজার টাকা জরিমানা

মোঃ রাসেল কাজী- জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় অবৈধভাবে পুকুরের মাটি কাটা এবং সেই মাটি বিভিন্ন স্থানে বিক্রির অপরাধে নাজেবুল হাসান সুইট নামের এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে অভিযান চালিয়ে এই জরিমানা করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শামীম আরা।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জিন্দারপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে অবৈধভাবে পুকুর খনন করে মাটি কাটা হচ্ছিল। শুধু তাই নয়, ট্রাক্টর দিয়ে সেই মাটি বিভিন্ন জায়গায় চড়া দামে বিক্রি করে আসছিলেন নাজেবুল হাসান সুইট। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানকালে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির সত্যতা প্রমাণ পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত নাজেবুল হাসান সুইটকে নগদ ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী অফিসার মোছা. শামীম আরা বলেন, “অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির ফলে পরিবেশের যেমন ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি রাস্তাঘাটেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। যারা এ ধরনের বেআইনি কাজের সঙ্গে জড়িত থাকবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কালাই থানা পুলিশের একটি দল এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *