সিহাব আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর জেলার পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের ধরমপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে এগারো বছর বয়সী এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আদিব আহনাফ ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। আদিব ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
২ই মার্চ ২০২৬ ইং সোমবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে কর্ণহার থানা পুলিশ। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরএমপি র কর্ণহার থানার ওসি হাবিবুর রহমান জানান, রোববার ১লা মার্চ রাতে দাদা শামসুল হুদার সঙ্গে ধরমপুর জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আদিব। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত।
সোমবার ভোরে স্থানীয় কয়েকজন কৃষক ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের পরনে পাঞ্জাবি ও প্যান্ট ছিল। প্যান্টের বেল্ট খুলে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কর্ণহার থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিহত আদিবের মামা মোকছেদ আলী বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যা। আমার ভাগ্নেকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
আদিব নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

