এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের একটি পরিত্যাক্ত গোডাউন থেকে টিসিবির ১ হাজার ৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ ও দুই জনকে আটক করেছে র্যাব। পুরো ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে তারা।
রবিবার (১ মার্চ) বিকেলে পৌর শহরের বাগেরহাটা বটতলা এলাকায় জামালপুর র্যাব-১৪ ও ভোক্তা অধিকার অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
ভোক্তা অধিকার ও র্যাব জানায়- গোপন সংবাদ পেয়ে নুর রাইস মিলের পরিত্যাক্ত গোডাউনে তারা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় ইট নিচে পুতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে র্যাব।
র্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর লাবিব বলেন-“আমরা গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করেছি। প্রতিটি বোতল থেকে টিসিবির মোড়ক ও মুখের দিকে প্লাস্টিক তুলে ফেলা হয়েছে। তবুও কয়েকটি বোতলে এসব মোড়ক আছে। আরো অনেক বোতল বিক্রি করে ফেলা হয়েছে। আমরা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।”
জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন-‘’ এই ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আর তদন্তের স্বার্থে আমরা অনেক কিছু বলতে পারছি না। এই বিষয়ে আমরা মামলা দায়ের করবো।”

