মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ইমন দেওয়ান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মুন্সীগঞ্জের কঠোর নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫টা ৪০ মিনিটে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।
অভিযানটি মুন্সীগঞ্জ সদর থানার পূর্ব মাকহাটি এলাকার অলি মোল্লার আলু ক্ষেতের সামনের রাস্তায় পরিচালিত হয়। এ সময় সন্দেহভাজন ইমন দেওয়ানকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন দেওয়ান পূর্ব মাকহাটি পশ্চিম পাড় এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম নুরুজ্জামান দেওয়ান।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, মুন্সীগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
পুলিশ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

