5169
Loading ...

কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ, বি ও সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য প্রথম মেধা তালিকার ভর্তি সময় একদিন বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

নির্ধারিত সময় অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ৩:৩০ পর্যন্ত এবং ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্ব-শরীরে ইউনিট অফিসে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। ভর্তি ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক একটি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি জমা দিতে হবে। ভর্তি ফি বাবদ ১৪,৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এছাড়া ইউনিট অফিস ও বিভাগের উন্নয়ন ফি পরিশোধ করতে হবে।

ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন অন/অফ করার শেষ সময় ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১:৫৯ পর্যন্ত। একবার মাইগ্রেশন অফ করলে তা পুনরায় অন করার সুযোগ থাকবে না।

উল্লেখ্য, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১২ এপ্রিল, রবিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *