মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী আড়িয়াল বিল এলাকার জীবনযাত্রার মান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ‘পানি ও ভূমি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা’ শীর্ষক ৩৪১ কোটি ৮৪ লাখ টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন করেছে পরিকল্পনা কমিশন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন জানান, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের স্মারক অনুযায়ী প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এর বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে নভেম্বর ২০২৫ থেকে জুন ২০২৮ পর্যন্ত।
তিনি বলেন, প্রকল্পের মোট বাজেটের মধ্যে শুধু শ্রীনগর উপজেলার জন্যই ১৭৮ কোটি ১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পের আওতায় শ্রীনগরের ১৪টি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন করা হবে। পাশাপাশি আড়িয়াল বিলের পানি প্রবাহ ও সংরক্ষণ ব্যবস্থা উন্নয়নে ১২টি পুকুর পুনঃখনন, ২০০ মিটার ইউ-ড্রেনসহ বক্স কালভার্ট নির্মাণ, ১১ হাজার ৫১০ মিটার স্লোপ সংরক্ষণ এবং ১৫ হাজার ৬৯৫ মিটার প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা হবে।
এছাড়া ইতোমধ্যে ৮টি খাল পুনঃখননের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটির মাধ্যমে বিল এলাকার পানি ও ভূমি সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত হবে। এতে নদী ও জলাভূমির স্বাভাবিক সংযোগ পুনঃস্থাপন, বন্যা ও জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা সম্প্রসারণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
দীর্ঘদিনের প্রত্যাশিত এই প্রকল্প অনুমোদনের খবরে শ্রীনগর এলাকায় ব্যাপক সন্তোষ দেখা গেছে। স্থানীয়দের আশা, সফল বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

