কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় নুরুল্লাহ শাওনের হত্যার প্রতিবাদে রোববার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাওন ছিলেন ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী।
শাওন গত বুধবার বন্ধুদের সঙ্গে জয়নুল আবেদীন পার্কে ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তিনি দুই দিন নিখোঁজ থাকার পর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ব্রহ্মপুত্র নদের চরে তার মরদেহ উদ্ধার করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কটিয়াদী উপজেলার ছাত্রসমাজ। মিছিল কলামহল দরগা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী সরকারি কলেজের সামনে মানববন্ধনে মিলিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
নিহত শাওনের পরিবারের পক্ষ থেকে চাচা সাজেদুল ইসলাম সেলিম বলেন, “যেকোনো মূল্যে তার ভাতিজার হত্যার বিচার চাই।” উপস্থিত বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
স্থানীয়রা মানববন্ধনে জানান, শাওনের হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য ক্ষতির কারণ এবং তারা একটি নিরাপদ বাংলাদেশ চান, যেখানে ঘর থেকে বের হলে প্রাণহানির ভয় থাকবে না।

