5169
Loading ...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা ববিতে অনুষ্ঠিত

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত (বি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষায় মোট ২ হাজার ৫০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করেন। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে পরীক্ষা শেষ হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. নাজমুল হোসেন বলেন,
“বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখার পরীক্ষায় সার্বিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমরা সোচ্চার রয়েছি। শ্রদ্ধেয় শিক্ষকদের নির্দেশনায় সকল ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। আমাদের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেনা ও নৌ শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্যরাও যুক্ত আছেন। যার ফলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এখনো পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পরীক্ষার্থীদের উপস্থিতির সংখ্যাও অত্যন্ত সন্তোষজনক। সবকিছু বিবেচনায় বলা যায়, সার্বিক দায়িত্ব পালনে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

পরীক্ষার্থীদের সুবিধার্থে মেইন গেটের ভেতরে ঘড়ি, মোবাইল ফোন ও ব্যাগ রাখার জন্য আলাদা ব্যবস্থা করা হয়। এ কাজে বিএনসিসি ও স্কাউট গ্রুপের সদস্যরা পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান করেন।

পরীক্ষা শেষে একজন নারী পরীক্ষার্থী বলেন,
“প্রশ্ন সহজ ছিল, এভারেজ, কিন্তু আমি যেহেতু পড়াশোনা করিনি, তাই সেরকমভাবে কিছু লিখতে পারি নি, তবে এমনি ভালো হয়েছে।”

অন্য একজন পরীক্ষার্থী বলেন,
“পরীক্ষা খারাপ হয়নি, মোটামুটি সবারই ভালো হয়েছে। তবে কিছু জিনিস নতুন লেগেছে। আমি আশাবাদী, যদি হয় তাতেও সমস্যা নেই, না হলেও সমস্যা নেই। আল্লাহ তায়ালা আমার জন্য যা কল্যাণকর ঠিক করেছেন, সেটা হলেই হবে।”

একজন অভিভাবক সন্তোষ প্রকাশ করে বলেন,
“ইউনিভার্সিটি ভর্তির জন্য এখানে যে ব্যবস্থা করেছে তা খুবই আনন্দময় সুখবর এবং আমাদের জন্য একটা সহযোগিতার হাত তারা বাড়িয়েছে।”

সব মিলিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষা সুন্দর, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *