5169
Loading ...

বেরোবিতে ‘লিডারশিপ, মিডিয়া লিটারেসি অ্যান্ড জেন্ডার রিপ্রেজেন্টেশন ইন মিডিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রুশাইদ আহমেদ, বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘লিডারশিপ, মিডিয়া লিটারেসি অ্যান্ড জেন্ডার রিপ্রেজেন্টেশন ইন মিডিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ নভেম্বর) বিকালে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাব এবং লাল সবুজ সোসাইটি রংপুর টিমের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৪ এর পরিসংখ্যান বিভাগের গ্যলাারি রুমে সেমিনারটি আয়োজিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক নিয়ামুন নাহার নিমা। সেমিনারটিতে মিডিয়া লিটারেসি এবং জেন্ডার রিপ্রেজেন্টেশন ইন মিডিয়ার ওপর আলোচনা করেন এখন টেলিভিশনের সৈয়দপুর ব্যুরো প্রধান আমিরুল বাপ্পী ও বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান কুন্তলা চৌধুরী। প্রায় অর্ধ শতাধিক

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাব ও লাল সবুজ সোসাইটির পক্ষ হতে এ সেমিনার আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানাই। আগামী দিনগুলোতে এ ধরনের সেমিনারগুলো আয়োজনে অস্থায়ী অডিটোরিয়াম হিসেবে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলাকে প্রস্তুত করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, গণমাধ্যম বর্তমান পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এর সঙ্গে সম্পৃক্তরা পড়াশোনা বেশি করেন। তাই তাদের মতো আমাদেরও সবকিছু পড়াশোনা করে যাচাই-বাছাই করা উচিত।

উপাচার্য আরও বলেন, নেতা হতে হলে ভালো শ্রোতা হতে হবে আগে। অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে। গণতন্ত্রমনা হতে হবে। মানুষের নেতা হতে হবে। বিনয়ী ও নম্র হয়ে মানসিকতার পরিবর্তন আনতে হবে। সততা, ন্যায্যতার সঙ্গে আপস না করে সমতা প্রতিষ্ঠা করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক নিয়ামুন নাহার নিমা বলেন, সহজাতভাবেই আমরা নেতা। তবে আমরা নেতৃত্বের সেই গুণকে ধারণ ও লালন করি না। কিন্তু সুন্দর সমাজ বিনির্মাণে এটা করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমরা সকলেই গণমাধ্যমের স্টেকহোল্ডার। তাই আমাদেরকে সচেতনভাবে এর উপাদানগুলোকে গ্রহণ করতে হবে। পাশাপাশি, গণমাধ্যমে নারীদের প্রতিনিধিত্বের বিষয়েও আমাদের সজাগ থাকতে হবে। তাদেরকে ন্যায্যতার সঙ্গে উপস্থাপন করতে হবে। এটাই আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে।

আয়োজন নিয়ে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হক বলেন, সমাজের জন্য নেতৃত্ব, গণমাধ্যম সাক্ষরতা, সমতা ও ন্যায্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি নিয়ে কাজ করতেই আমাদের এই উদ্যোগ। শিক্ষার্থীরা এর মাধ্যমে এই বিষয়গুলোর ওপর মৌলিক ধারণা পাবেন বলে প্রত্যাশা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *