বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বেঞ্চ এই পরোয়ানা জারি করেন। বেঞ্চের নেতৃত্ব দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া আসামিদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
প্রসিকিউশন জানিয়েছে, গুমের প্রথম মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ দাখিল করা হয়েছে। দ্বিতীয় মামলায় একই ব্যক্তিসহ ১৩ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ দাখিল করা হয়েছে।

