অবিশ্বাস্য হলেও সত্য! যানজটের দুর্ভোগ পরিদর্শনে গিয়ে নিজেই সেই দুর্ভোগের শিকার হলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই ঘণ্টারও বেশি সময় ধরে আটকা পড়েন তিনি।
হাইওয়ে পুলিশ জানায়, আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার বাড়িউরা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে চলছে পুলিশি তৎপরতা।
সরেজমিনে দেখা যায়, উপদেষ্টা ফাওজুল কবির খান সকালে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে পৌঁছে সড়কপথে আশুগঞ্জ আসেন। সকাল ১০টার দিকে সরাইল বিশ্বরোড মোড়ের উদ্দেশ্যে রওনা দিলে সোহাগপুর এলাকায় আটকা পড়েন প্রায় দুই ঘণ্টা।
শেষ পর্যন্ত তিনি গাড়ি ছেড়ে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন, পরে মোটরসাইকেলে চড়ে বিশ্বরোডের দিকে রওনা দেন। তার সঙ্গে ছিলেন বিশেষ সহকারী শেখ মঈনউদ্দীন।
হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, রাতভর যানজটের কারণে শত শত গাড়ি আটকা পড়ে আছে।
সিলেট থেকে আসা হানিফ পরিবহনের চালক নুর ইসলাম বলেন, “রাত ১০টায় রওনা দিয়ে সকাল ১১টায়ও আশুগঞ্জ পার হতে পারিনি।”
স্থানীয়রা জানান, মহাসড়কের একাধিক স্থানে চলমান উন্নয়নকাজ ও ট্রাকের চাপেই এ যানজট তৈরি হয়েছে।
যাত্রী ও চালকরা এখন ঘন্টার পর ঘণ্টা কষ্টে সড়কে সময় কাটাচ্ছেন।

