মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় আম বাগানের চারা কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার বড় কৈবর্তখালী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. কামাল হোসেন শিকদার জানান, প্রায় ২৫ শতাংশ জমিতে তিনি রেন্ট্রি, মেহগনি, নারিকেল ও সোলমসহ বিভিন্ন পুরনো গাছ বিক্রি করে মাটি খনন করে নতুনভাবে আম বাগান করার উদ্যোগ নেন। প্রায় ৩০ হাজার টাকার বেশি ব্যয়ে তিনি উন্নত জাতের আম গাছের চারা রোপণ করেন।
কামাল হোসেনের অভিযোগ, একই এলাকার আলতাফ শিকদার, তার স্ত্রী খাদিজা বেগম ও মো. হাসানুল কবির বাচ্চু দেশীয় অস্ত্র ব্যবহার করে তার রোপণকৃত সব চারা কেটে ফেলেন। তিনি বলেন, “আমি নিজের খরচে বাগান তৈরি করেছি। এতে প্রচুর শ্রম ও অর্থ ব্যয় হয়েছে। প্রতিবেশীর এ ধরনের আচরণ অন্যায় ও অনধিকার হস্তক্ষেপ।”
এ বিষয়ে অভিযুক্ত আলতাফ শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, পৈতৃক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। স্থানীয় সালিশে সিদ্ধান্ত হয়েছে, আপাতত কেউ ওই জমি দখল বা কাজে ব্যবহার করতে পারবে না। কিন্তু কামাল শিকদার সালিশের সিদ্ধান্ত উপেক্ষা করে চারা রোপণ করায় বাধা দেওয়া হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, “ঘটনাটি সম্পর্কে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী কামাল হোসেন আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে তার ক্ষতি পূরণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ করবে।

