
মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌর এলাকায় রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌরসভা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শীতলাখোলা এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরে পোস্ট অফিস সড়ক, কালিবাড়ি সড়ক, লঞ্চঘাট সড়ক, বড় বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ দোকানপাট, সাইনবোর্ড, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়।অভিযানে নেতৃত্ব দেন পৌর প্রশাসক কাওছার হোসেন।
উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদারসহ উচ্ছেদ কমিটির সদস্যরা। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, পুলিশ ও আনসার বাহিনী অংশ নেন।
পৌর প্রশাসক কাওছার হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালিত হচ্ছিল। জনস্বার্থে এ অভিযান শুরু হয়েছে। অবৈধ স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি বিলবোর্ড, ফেস্টুন ও অন্যান্য স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চালানো হবে।”এদিকে সাধারণ মানুষ পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় যান চলাচল সহজ হচ্ছে, শৃঙ্খলা ফিরছে এবং শহরের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে।

