5169
Loading ...

জাবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সিরাত মাহফিল অনুষ্ঠিত

মো: ইকরাম মাহমুদ প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) যথাযথ মর্যাদা ও গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে এ মাহফিলের আয়োজন করা হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর বক্তব্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বক্তব্য প্রদান করেন এবং বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ধর্মীয় ও নৈতিকতা বিষয়ক অনুষ্ঠানের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

মূল আলোচনা পরিচালনা করেন জামালপুর শহরের বোসপাড়ার জালালাবাদ জামে মসজিদের খতিব মুফতি শরীফুল ইসলাম জামালী এবং মেলান্দহের জামিয়া হুসাইনিয়া আরাবিয়ার শায়খুল হাদিস মুফতি আমানুল্লাহ কাসেমী (দা. বা.)। তাঁরা মহানবী (সা.)-এর জীবনী, চরিত্র এবং মানবকল্যাণে তাঁর অসামান্য অবদানের ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাত মাহফিল উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহম্মদ শাহজালাল। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুর হোসেন চৌধুরী। আলোচনার পর মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাঁদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা।

এছাড়া অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় নাতে রাসুল (সা.) অনুষ্ঠিত হয়, যা পুরো পরিবেশকে আধ্যাত্মিক আবহে ভরিয়ে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *