5169
Loading ...

“তালহা বাঁচতে চায়” — জীবন-মৃত্যুর লড়াইয়ে ঢাবি শিক্ষার্থী আবু তালহা

মোঃ জাহিদুল ইসলাম প্রতিবেদক | ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তালহার বয়স মাত্র বিশের কোঠায়। জীবনের এই সময়টুকু হওয়ার কথা ছিল পড়াশোনা, বন্ধুদের সঙ্গে আড্ডা, ভ্রমণ আর নতুন স্বপ্ন বোনার। কিন্তু সেই তালহা এখন হাসপাতালের আইসিইউতে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

তালহা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, ইংরেজি ফর স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজেস (ESOL) বিভাগের নবম ব্যাচের ছাত্র এবং স্যার এ. এফ. রহমান হলের আবাসিক। হাসিখুশি, ভ্রমণপিপাসু এই তরুণ হঠাৎই আক্রান্ত হয়েছেন জটিল হৃদরোগ Tachycardiomyopathy-তে। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হলেও তার অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, তালহার বেঁচে থাকার একমাত্র উপায় হলো উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে পাঠানো। প্রয়োজন প্রায় ৪০ লক্ষ টাকা।

বন্ধু-সহপাঠীরা তালহার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন—
“তালহা সবসময় আমাদের একসাথে রাখত। ওর প্রাণবন্ত হাসি আর ভ্রমণের গল্প ছাড়া ক্যাম্পাস যেন ফাঁকা লাগে। আমরা চাই তালহা আবার আমাদের মাঝে ফিরুক।”

ভ্রমণ ছিল তালহার নেশা। পাহাড়, ঝিরি, সবুজ প্রকৃতি কিংবা বৃষ্টিভেজা কোনো পথ— সব জায়গাতেই বন্ধুদের নিয়ে ছুটে যেত সে। কখনো চন্দ্রনাথ পাহাড়, আবার কখনো রাতারগুল সোয়াম্প ফরেস্ট—প্রকৃতিকে বুকভরা ভালোবাসাই ছিল তার শক্তি। অথচ আজ সেই ছেলেটিই নিস্তব্ধ হাসপাতালে শুয়ে আছে, চারপাশে শুধু মনিটরের আলো আর হৃদস্পন্দনের রেখা।

তালহার চিকিৎসার অর্থ জোগাড় করতে উদ্যোগ নিয়েছে তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে শুরু হয়েছে সহায়তার ডাক— “তালহা বাঁচতে চায়।”

তালহার পরিবার ও বন্ধুরা বিশ্বাস করেন, সবার ছোট ছোট সহায়তাই হয়তো ফিরিয়ে আনতে পারে একটি তরুণ প্রাণের হাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *