গৌরব সাহা নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া এলাকায় নবজাতক সন্তান বিক্রির এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, স্বামী মজিবুর রহমান তার স্ত্রী খালেদার গর্ভে জন্ম নেওয়া নবজাতক ছেলে শিশুকে ৯০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেছেন।
জানা যায়, সম্প্রতি খালেদা একটি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু সন্তান জন্মের কিছুদিন পরই স্বামী মজিবুর রহমান তাকে জানানো ছাড়া শিশুটিকে অন্যের কাছে বিক্রি করেন। বিষয়টি জানতে পেরে সন্তানকে ফিরে পাওয়ার জন্য অসহায় মা খালেদা বর্তমানে বিভিন্ন জায়গায় দ্বারে দ্বারে ঘুরছেন।
ক্ষুব্ধ হয়ে খালেদার পরিবারের সদস্যরা মাধবদী থানায় অভিযোগ দায়ের করেছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফেরানোর জন্য হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।
মাধবদী থানার পুলিশ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলেন, একটি নবজাতক শিশুকে এভাবে বিক্রি করা অত্যন্ত মানবিকতাবিরোধী ও নিন্দনীয় এবং দ্রুত শিশুটিকে মায়ের কাছে ফেরানোর দাবি জানিয়েছেন।

