মোঃ মিরাজুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এখনো স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের সরবরাহ। তেল বিক্রিতে ‘রেশনিং’ পদ্ধতি চালু করায় পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদামতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন যানবাহন চালক ও সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, নগরীর অধিকাংশ ফিলিং স্টেশনে তেল বিক্রি চললেও তা পর্যাপ্ত নয়। অনেক পাম্প কর্তৃপক্ষ জনপ্রতি নির্দিষ্ট পরিমাণ, যেমন ২০০ থেকে ৫০০ টাকার তেল বিক্রি করছে। এতে মোটরসাইকেল চালক এবং কৃষি কাজে ব্যবহৃত সেচ পাম্পের মালিকরা বিপাকে পড়েছেন।
পাম্প কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে তেলের সরবরাহ চাহিদার তুলনায় কম থাকায় তারা বাধ্য হয়ে রেশনিং পদ্ধতি অনুসরণ করছেন। যাতে সবাই অন্তত কিছু পরিমাণ তেল পেতে পারে। তবে এই ব্যবস্থার কারণে ফিলিং স্টেশনগুলোতে জটলা কমছে না। অনেককে ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
এক মোটরসাইকেল চালক বলেন, “তিনটা পাম্প ঘুরে এখানে আসলাম। আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মাত্র ২০০ টাকার তেল পেলাম। এইটুকু তেলে সারা দিন চলা অসম্ভব।”
অন্যদিকে কৃষকরা আশঙ্কা করছেন, তেলের এই সংকট ও রেশনিং ব্যবস্থা দ্রুত সমাধান না হলে বোরো মৌসুমে সেচ কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও জ্বালানি সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং খুব দ্রুতই ফিলিং স্টেশনগুলোতে তেল বিক্রি আগের অবস্থায় ফিরে আসবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাম্পগুলোতে নজরদারিও বাড়ানো হয়েছে।

