জামাল হোসেন তারেক, কুলাউড়া (মৌলভীবাজার)
মৌলভীবাজার জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান। তিনি এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, জেলার জন্য পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে। বিশেষ করে পেট্রোল ও অকটেন সিলেটসহ পার্শ্ববর্তী ডিপোগুলো থেকে নিয়মিত সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি আমদানির পাশাপাশি দেশের গ্যাস ফিল্ড থেকেও ডিজেল ও পেট্রোল নিয়মিত সরবরাহ করা হচ্ছে।
মনোয়ার আহমেদ রহমান আরও জানান, মাসের মাঝামাঝি সময়ে জ্বালানি তেলের দাম বাড়ার কোনো সুযোগ নেই। সরকারি নিয়ম অনুযায়ী মাস শেষে প্রয়োজন হলে মূল্য সমন্বয় করা হয় এবং নতুন মাসের শুরু থেকে নতুন মূল্য কার্যকর করা হয়।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে অনেকেই আতঙ্কে প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করার চেষ্টা করছেন। সাপ্তাহিক ছুটির সময় ডিপো বন্ধ থাকায় এই পরিস্থিতিতে কিছু পেট্রোল পাম্পে সাময়িকভাবে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। এতে পাম্পগুলোকে রেশনিং করে তেল বিক্রি করতে হচ্ছে এবং কোথাও কোথাও রবিবারের আগেই মজুদ শেষ হয়ে যাচ্ছে।
তিনি সকলকে অপ্রয়োজনীয়ভাবে পেট্রোল পাম্পে ভিড় না করার অনুরোধ জানান এবং বলেন, জনগণের সহযোগিতা ও সচেতন আচরণই পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করবে।
এদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনও জানিয়েছে যে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং নিজস্ব উৎস থেকে উৎপাদন স্বাভাবিক রয়েছে।

