5169
Loading ...

অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

আবদুল বাসেদ, নোয়াখালী: অসুস্থ বাবাকে দেখতে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রান্ত মন্ডল (২৩) নামে এক ফায়ার ফাইটার। মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী স্টেশন সংলগ্ন ঢাকা–বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. সাব্বির হোসেন রাতে বিষয়টি নিশ্চিত করেন।

নিহত প্রান্ত মন্ডল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুপধন এলাকার পুনিল চন্দ মন্ডলের ছেলে। তিনি নোয়াখালীর সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনে অগ্নিনির্বাপক কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

সহকর্মীরা জানান, কয়েক দিন ধরে প্রান্তের বাবা অসুস্থ ছিলেন। বাবার চিকিৎসার জন্য মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি পাঁচ দিনের সিএল ছুটি নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায় বলে জানা গেছে।

সহকর্মীরা আরও জানান, বাড়ি যাওয়ার পথে প্রান্ত ফেসবুক স্টোরিতে নিজের মোটরসাইকেলের ছবি দিয়ে লিখেছিলেন, “এবার গন্তব্য আমার পরিবার।” বাড়িতে তার অপেক্ষায় ছিলেন স্ত্রী, এক বছরের সন্তান মুগ্ধ এবং বাবা-মা। প্রান্ত ছিলেন পরিবারের একমাত্র ছেলে। তার একটি বড় বোনও রয়েছে।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *