5169
Loading ...

সচল বিদ্যুৎ লাইনে দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও

মোঃমাসুদ রানা,
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:

সচল বিদ্যুৎ লাইনে দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামে সচল বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে দুঃসাহসিকভাবে একটি ৩৭ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ঝুঁকিপূর্ণ এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা সচল বিদ্যুৎ লাইনের খুঁটি থেকে ট্রান্সফরমারটি খুলে নিচে নামায়। পরে ট্রান্সফরমারের ভেতরে থাকা মূল্যবান তামাসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যায় এবং খালি বডিটি ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যায়।
জানা গেছে, প্রায় দুই বছর আগে স্থানীয় উদ্যোক্তা লোকমান হোসেন মোল্লা তার কাঠের ভুসি (গুঁড়া) তৈরির কারখানার বিদ্যুৎ সংযোগের জন্য সরকারি কোষাগারে প্রায় ৫ লাখ টাকা জমা দিয়ে ট্রান্সফরমারটি স্থাপন করেন।
সরেজমিনে দেখা যায়, বিদ্যুৎ সংযোগ সচল থাকা অবস্থায় এ চুরি সংঘটিত হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা কিংবা প্রাণহানির আশঙ্কা ছিল। দুঃসাহসিক এ চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতাধীন গজারিয়া জোনাল অফিসের ডিজিএম মো. আশরাফুল আলম জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, “ট্রান্সফরমার চুরির বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *