নরসিংদী প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ তাহমিদের কবর জিয়ারতের মাধ্যমে নরসিংদী-১ (সদর) আসনে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ প্রচারণা শুরু করেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে নরসিংদীতে আয়োজিত এক নির্বাচনি জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রচারণার ঘোষণা দেন।
প্রচারণার প্রথম দিনে নরসিংদী সদরের চিনিপুর এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকনের সঙ্গে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
নেতা-কর্মীরা জানান, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন। প্রচারণাকালে খায়রুল কবির খোকন স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন খায়রুল কবির খোকন।

