5169
Loading ...

ববি ছাত্রদলের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির কয়েকজন নেতা ও কর্মীর বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে হত্যার হুমকি, মানসিক হেনস্তা ও শারীরিকভাবে অপদস্থ করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ওই দুই শিক্ষার্থীকে অর্ধনগ্ন অবস্থায় জোরপূর্বক হল থেকে ধরে নিয়ে যাওয়া, বাঁচার শর্তে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করা, অসংলগ্ন প্রশ্ন করা, ‘জুলাই অভ্যুত্থান’ নেতৃত্বকে তাচ্ছিল্য করা, ছাত্রলীগ ট্যাগ দেওয়া ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়।

দুটি পৃথক অভিযোগপত্র বিশ্লেষণে দেখা যায়, একটি ঘটনার নেতৃত্ব দেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ববি ছাত্রদল নেতা সোহানুর রহমান সিফাত এবং অপরটির নেতৃত্ব দেন মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা আহসান উল্লাহ্। অভিযোগপত্রে আরও যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— মোশাররফ হোসেন (সভাপতি, ববি ছাত্রদল), মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক), আকিবুর রহমান ও রবিন মিয়া।

অভিযোগে বলা হয়, গত ১৩ ডিসেম্বর রাত ১টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে এসব ঘটনা সংঘটিত হয়। অভিযোগকারীরা হলেন এসএম ওয়াহেদুর রহমান (আইন বিভাগ) ও ফয়সাল বাদশাহ্ (উদ্ভিদ বিজ্ঞান বিভাগ)। তারা আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগ অস্বীকার করে সোহানুর রহমান সিফাত বলেন, “ঐদিন এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। যে অভিযোগ দিয়েছে আমার নামে সে তো হলের আবাসিক শিক্ষার্থীই না। বর্তমান সময়ে এরকম ঘটনা ঘটার সম্ভবনাই নেই।”
অন্যদিকে আহসান উল্লাহ্ বলেন, “আমি ওয়াহিদকে হল থেকে ডেকে জিজ্ঞেস করেছি হলে কে কে থাকে। সে যে অভিযোগ আমার নামে করেছে এমনটির কিছুই ঘটেনি শুক্রবার রাতে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *