5169
Loading ...

সিলেট বিভাগে রেলের ৮ দফা দাবিতে উত্তাল কুলাউড়া: লাল পতাকা মিছিল ও ১ নভেম্বর রেলপথ অবরোধের ঘোষণা

জামাল হোসেন তারেক, ​কুলাউড়া (মৌলভীবাজার): সিলেট বিভাগের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য চলমান ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনকে সমর্থন জানাতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মৌলভীবাজারের কুলাউড়াতে এক বিশাল লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিল থেকে আগামী ১ নভেম্বর ঘোষিত রেলপথ অবরোধ কর্মসূচীর সমর্থনে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয় এবং যাত্রীদের ১ নভেম্বর কোনো রেলওয়ে টিকেট না কাটার জন্য অনুরোধ করা হয়।

৩০ অক্টোবর ​বৃহস্পতিবার আছরের নামাজের পর ‘৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলাউড়া’র আয়োজনে কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ সংলগ্ন থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে বক্তারা অবিলম্বে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, রেলপথে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, দুর্নীতি এবং টিকিট কালোবাজারি চলছে। প্রবাসীদের রেমিট্যান্সে দেশের অর্থনীতিতে সিলেটের বড় অবদান থাকা সত্ত্বেও রেলপথে আধুনিকায়নের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
​বক্তারা হুঁশিয়ারি দেন যে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা না হলে ১ নভেম্বর সিলেট বিভাগজুড়ে (শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, শমশেরনগর, কুলাউড়া, মাইজগাঁও ও সিলেট রেলস্টেশনসমূহে) সর্বাত্মক রেলপথ অবরোধ কর্মসূচী পালন করা হবে। তারা সিলেট অঞ্চলের সকল রেলযাত্রীর প্রতি ১ নভেম্বর রেলওয়ের কোনো টিকিট না কাটার জন্য বিশেষ অনুরোধ জানান।

আন্দোলনের ৮/৯ দফা মূল দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য:
​১. সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি বিশেষ/স্পেশাল ট্রেন চালু করা।
২. আখাউড়া-সিলেট রেলপথের সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণ।
৩. ট্রেনের টিকিট কালোবাজারি কঠোরভাবে রোধ করা।
৪. সিলেটের বিভিন্ন স্টেশনে আসন সংখ্যা বৃদ্ধি এবং যাত্রী চাহিদা অনুযায়ী অতিরিক্ত বগি সংযোজন।
৫. আখাউড়া-সিলেট সেকশনে একটি লোকাল ট্রেন পুনরায় চালু করা।
৬. সকল বন্ধ থাকা রেলস্টেশন পুনরায় চালু করা।
৭. শায়েস্তাগঞ্জ ও কুলাউড়া জংশনে আন্তঃনগর ট্রেনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি করা।
৮. আখাউড়া সিলেট সেকশনে একটি লোকাল ট্রেন চালু।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলাউড়া’র আহ্বায়ক আজিজুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও টিম জার্নালিস্ট এর উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এম মোক্তাদিন হোসেন, উপজেলা শ্রমিকদল নেতা ইসলাম উদ্দিন, সিনিয়র সাংবাদিক এম মছব্বির আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মাওরানা মো. এনামুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *