
মো.আনোয়ার, ঢাকা কলেজ প্রতিনিধি:
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখা।
আজ বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা কলেজ শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা শিক্ষার্থীদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
বক্তারা বলেন, “যারা অধ্যবসায় ও সততার মাধ্যমে ভালো ফল অর্জন করেছে, তারা আগামী দিনে দেশ ও সমাজের গর্ব। তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।”
তারা আরও বলেন, “শিক্ষা শুধু ভালো রেজাল্ট অর্জনের মাধ্যম নয়, বরং তা চরিত্র গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই ভবিষ্যতে নিজেদের জ্ঞান ও মেধা দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত নবীন শিক্ষার্থীরাও এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বলেন, “এ ধরনের তাৎক্ষণিক সংবর্ধনা আমাদের পড়াশোনার প্রতি আরও অনুপ্রাণিত করে।”
শেষে সংগঠনের পক্ষ থেকে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের অব্যাহত অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

