
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাচালানকৃত ভারতীয় প্যাকেটজাত ফুসকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল থানার আশিদ্রোন ইউনিয়নের রামনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের সার্বিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত যুবকের নাম শিপন মিয়া (১৯)। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান (পাট্রারপুল) এলাকার শাহীন আলমের ছেলে।
পুলিশ জানায়, শিপন একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশায় করে ভারতীয় ফুসকা বহন করছিলেন। তল্লাশির সময় ৭টি প্লাস্টিকের বস্তা থেকে ২২৪ প্যাকেট ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে এক কেজি ফুসকা ছিল, যার মোট ওজন ২২৪ কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ৬৭ হাজার ২০০ টাকা।
ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তি অবৈধভাবে ভারত থেকে পণ্য এনে বিক্রির উদ্দেশ্যে সিন্দুরখান এলাকায় যাচ্ছিলেন। তার সহযোগীরা পলাতক রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

