5169
Loading ...

কুমিল্লায় জুলাই মাস থেকে আগস্ট মাসে অপরাধের চিত্র আশঙ্কাজনক হারে বৃদ্ধি

অনিক কুমার দাস, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লায় আগস্ট মাসে পূর্বের তুলনায় অপরাধ প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ডাকাতি, ধর্ষণ, ছিনতাই, অস্ত্র উদ্ধার, চুরি, আহত ও মাদকদ্রব্য মামলা পূর্বের থেকে আগস্ট মাসে বৃদ্ধি পেয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটি সভায় তুলে ধরা হয়।

জেলা আইনশৃঙ্খলা কমিটির তথ্য মতে, আগস্ট মাসে কুমিল্লা জেলা পুলিশের আওতায় ৫১৯ মামলা দায়ের করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ডাকাতি, ধর্ষণ, ছিনতাই, অস্ত্র উদ্ধার, চুরি, আহত ও মাদকদ্রব্য মামলা বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে আহতের ঘটনা ১২৮টি মামলা, মাদকদ্রব্য আইনে ২০৫ টি মামলা, ছিনতাই ২টি, অস্ত্র আইনে ৭, ডাকাতি ৫টি, ধর্ষণ ১০ টি মামলা। চুরি ৪৩টি মামলা দায়ের করা হয়। তুলনামূলকভাবে গত জুলাই মাস থেকে আগস্ট মাসে কুমিল্লায় অপরাধের চিত্র আশঙ্কাজনক হারে বেড়েছে বলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানা যায়। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আগস্ট মাসে একটি দেশি রিভলবার, তিনটি এলজি, একটি শটগান, ৭টি দেশীয় অস্ত্র, ৩টি কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়া র্যাব ১১ অভিযান পরিচালনা করে একটি শটগান, একটি এলজি, ১৭ টি ককটেল, তিন রাউন্ড গুলি উদ্ধার করে বলে জানা যায়। গত আগস্ট মাসে ২১০টি মোবাইল কোট পরিচালনা করে ৩৯৭ টি মামলায় ২৪ লক্ষ ৯৯ হাজার ৯২০ টাকা জরিমানা আদায় সহ দু’জনকে কারাদণ্ড ও ৭০ জনকে উভয়দণ্ড দেওয়া হয়েছে। গত আগস্ট মাসে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট থানা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সহযোগিতায় নয়টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। আদর্শ সদরে একটি, চান্দিনায় একটি, বুড়িচং একটি, মুরাদনগরের তিনটি, মেঘনা একটি, লাকসামে একটি, সদর দক্ষিনে একটি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। গত আগস্ট মাসে মাদক ও চোরাচালান সংক্রান্ত ১৭৮ টি মামলা দায়ের করা হয়েছে এবং ১৬২টি মামলা নিষ্পত্তি হয়েছে। তবে কুমিল্লা হাইওয়ে পুলিশের অভিযানে গত সেপ্টেম্বর মাসে কোনো গ্রেফতার বা মাদক উদ্ধার নেই বলে জানা যায়।

সভায় কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সর্বদা সতর্ক থাকার এবং তুলনামূলক অপরাধ চিত্র পর্যালোচনায় যেসকল স্থানে অপরাধ বৃদ্ধি পেয়েছে তার নির্দিষ্ট করে উপস্থাপন সহ সকল অপরাধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেন। এছাড়া সকল উপজেলায় এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে যে কোন অপরাধ প্রতিরোধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা তৎপর থাকতে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *