মোঃ রিফাত (খেলার টাইমস): বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারজাদ আফতাব কিছুদিন আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে ডাক পেয়েছিলেন। তবে হেড কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে একবারের জন্যও মাঠে নামার সুযোগ পাননি তিনি। ফলে জাতীয় দলের হয়ে তার প্রতিভা প্রদর্শনের সুযোগ হয়নি।
তবে দেশের বাইরে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন ফারজাদ। বর্তমানে তিনি খেলছেন ক্রোয়েশিয়ার একটি ক্লাবে। এটি আনুষ্ঠানিকভাবে চতুর্থ পর্যায়ের দল হলেও অনেকের মতে আসলে পঞ্চম পর্যায়ের লিগ। সেখানেই ইতিমধ্যে বাজিমাত করেছেন এ তরুণ। একটি ম্যাচে গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। স্থানীয়ভাবে সেই পারফরম্যান্স নিয়ে বেশ সাড়া পড়েছে।
শুধু মাঠেই নয়, পড়াশোনাতেও সমানভাবে মনোযোগী ফারজাদ বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং উচ্চশিক্ষা অর্জন করছেন। ফলে ফুটবল ক্যারিয়ার গড়ার পাশাপাশি শিক্ষাজীবনও সমান তালে এগিয়ে নিচ্ছেন তিনি।
উল্লেখ্য, ফারজাদ আফতাবের পরিবার বাংলাদেশের কাম মসজিদ এলাকায় শেকড় রেখে আজও দেশের প্রতি টান অনুভব করে। তার এমন সাফল্যে সেই এলাকার মানুষ যেমন গর্বিত, তেমনি অনেক ফুটবলপ্রেমী আশা করছেন—ভবিষ্যতে জাতীয় দলে আবারও সুযোগ পেলে তিনি বাংলাদেশের ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

