তুর্য দাস (সুনামগঞ্জ প্রতিনিধি): নিখোঁজের তিন দিন পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দিরাই উপজেলার শরিফপুর বাট্টা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধারের কাজ করছে। মোস্তাকের ভাই আবুল ফয়েজ বিষয়টি নিশ্চিত করে জানান, তারা মুশতাক গাজীনগরীর লাশ উদ্ধারের কাজ করছেন। জেলা জমিয়তের নেতা সুনামগঞ্জ -৩ আসনের জমিয়তের সম্ভাব্য প্রার্থী হাম্মাদ আহমদ গাজীনগরী মোস্তাকের লাশ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন মুশতাক। সেদিন রাত সাড়ে ১০টার দিকে ফোনে স্ত্রী রুবি বেগমকে জানান, এক ঘণ্টার মধ্যে বাসায় ফিরবেন। এরপর তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন বুধবার রুবি বেগম শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রোকন উদ্দিন জানান, মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত সুনামগঞ্জের দিরাই সড়ক মোড় এলাকায় সিসিটিভি ফুটেজে তাঁকে দেখা গেছে, এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি।
মাওলানা মুশতাক শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা। তিনি সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনে জমিয়তের সম্ভাব্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর চাচাতো ভাই।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।

