জামাল হোসেন তারেক. কুলাউড়া (মৌলভীবাজার)
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের পীরের বাজার থেকে হিংগাজিয়া সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। প্রায় এক বছর আগে সংস্কার কাজ শুরু হলেও হিংগাজিয়া বাজার থেকে হেলাল মেম্বারের বাড়ির সামনে এসে কাজ বন্ধ হয়ে যায়। এরপর থেকে গত তিন-চার মাস ধরে কোনো অগ্রগতি নেই।
স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। ফলে পুরো রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ, যা প্রতিদিনের যাতায়াতকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, “এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত যানবাহন চলাচল করে। একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটে। ছোট ছোট গাড়ি প্রায়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
শিক্ষার্থীরাও চরম ভোগান্তির কথা জানিয়ে বলে, “রাস্তার কারণে সময়মতো ক্লাসে পৌঁছানো কঠিন হয়ে যায়। অনেক সময় দুর্ঘটনার ভয় নিয়ে চলাচল করতে হয়।
সড়কটির গুরুত্বও কম নয়। এটি কুলাউড়া-রবিরবাজারের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ বাইপাস সড়ক হিসেবে ব্যবহৃত হয়, যা দিয়ে মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে সাধারণ মানুষ। অথচ আংশিক নির্মিত অংশেও ইতোমধ্যে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, যা কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা এলজিইডির দোহাই দেন।
অন্যদিকে, কুলাউড়া উপজেলার এলজিইডি প্রকৌশলী প্রীতম সিকদার জয় জানান, “প্রায় ২ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। বাকি অংশ সিসি ঢালাই করা হবে, তবে প্রয়োজনীয় ডিভাইসের অভাবে কাজ বিলম্বিত হচ্ছে। ডিভাইসের জন্য আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। তবে খুব শিগগিরই কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে।”
গুরুত্বপূর্ণ এই সড়কের অর্ধসমাপ্ত অবস্থার কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়ছে হাজারো মানুষ। শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণের স্বার্থে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ছাড়া এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না—এমনটাই মনে করছেন এলাকাবাসী।

