5169
Loading ...

আমেরিকায় থাকার গুজব ছড়িয়ে আত্মগোপন, শেষ পর্যন্ত পল্লবী থেকে গ্রেফতার ১৪ মামলার আসামি

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি: বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ পলাতক আসামি হাফিজুর রহমানকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেফতার করেছে নরসিংদীর মাধবদী থানা পুলিশ। নিজেকে ‘আমেরিকায় অবস্থান করছেন’ বলে এলাকায় প্রচারণা চালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েন তিনি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর বিশেষ নির্দেশনায় একটি চৌকস পুলিশ দল এই অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হাফিজুর রহমান ঢাকার ডিএমপির পল্লবী থানা এলাকায় আত্মগোপন করে আছেন।

অভিযানে অংশ নেন এসআই বারেক, এসআই সানোয়ার, এএসআই হারেজ মিয়া ও এএসআই লুৎফর রহমান। তাদের সমন্বিত অভিযানে পল্লবী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাফিজুর রহমান নরসিংদীর মাধবদী থানার কান্দাপাড়া রাসুলপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে ১২টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি।

পুলিশ জানায়, হাফিজুর রহমান চতুরতার সঙ্গে এলাকায় গুজব ছড়িয়ে দিয়েছিলেন যে তিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। এই মিথ্যা তথ্য ছড়িয়ে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঢাকার পল্লবী এলাকা থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারের পর তাকে মাধবদী থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধী যেই হোক এবং যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *