5169
Loading ...

নরসিংদীর মাধবদীতে আলোচিত আমেনা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, সৎ পিতাসহ গ্রেফতার ৯

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদী থানার আলোচিত আমেনা হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় ভিকটিমের সৎ পিতাসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) নরসিংদী জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ভিকটিম আমেনার সাথে আসামি নূর মোহাম্মদ ওরফে নূরার পূর্ব থেকে প্রেমের সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্কও ছিল। এছাড়া হত্যাকাণ্ডের প্রায় ১০-১২ দিন আগে হযরত আলীর বাড়িতে হযরত আলী, এবাদুল, জামান ও গাফফার দলবদ্ধভাবে আমেনাকে ধর্ষণ করে।
তদন্তে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমেনার সৎ পিতা আশরাফ আলী তাকে হত্যা করে। সুমন নামের এক সহকর্মীর বাড়িতে যাওয়ার পথে গলায় ওড়না পেঁচিয়ে একাই তাকে হত্যা করে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে সে।
আশরাফ আলী তার জবানবন্দিতে উল্লেখ করে, মেয়েটির বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি দীর্ঘদিন ধরে বিরক্ত ছিলেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
পুলিশ ইতোমধ্যে সৎ পিতা আশরাফ আলীকে গত ৬ মার্চ গ্রেফতার করেছে। এর আগে প্রেমিক নূর মোহাম্মদকে গাজীপুরের মাওনা এবং অপর অভিযুক্ত হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত ৪ ধর্ষকসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে আশরাফ আলী, নূর মোহাম্মদ ও হযরত আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মাধবদী থানায় এ ঘটনায় মামলা নং-২৫, তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *