মুন্সিগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জ সদর থানাধীন মোল্লারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিকেলে ডিবির একটি দল মোল্লারচর এলাকায় অবস্থান নেয়। এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে ৭ নম্বর ওয়ার্ডের একটি পাকা সড়কে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটকরা হলেন—মোল্লারচর এলাকার মৃত নাজিম উদ্দিন খানের ছেলে মো. কবির হোসেন (৫৫) এবং বাগমামুদালীপাড়া এলাকার মৃত গৌরাঙ্গ চক্রবর্তীর ছেলে মলয় চক্রবর্তী (৫২)। তাদের দেহ তল্লাশি করে ২০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় ডিবি পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সাধারণ মানুষকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ কর্তৃপক্ষ।

