5169
Loading ...

নিষিদ্ধ ঘোষিত কার্যালয়ে কার্যক্রমের অভিযোগ: শ্রীনগরে আওয়ামী লীগ অফিসে তালা দিল এনসিপি

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কার্যক্রম পরিচালনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেখানে তালা ঝুলিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা।

রোববার দুপুর আড়াইটার দিকে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা এনসিপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বীরতারা ইউনিয়নে অবস্থিত কার্যালয়ে গিয়ে তালা লাগান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং কার্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন।

সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। তাদের কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। গোপনে রাতের আঁধারে কার্যালয়ে প্রবেশ করে কার্যক্রম চালানো হয়েছে বলে খবর পেয়ে তারা সেখানে গিয়ে তালা দেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হচ্ছে। এ সময় কয়েকজন কিশোর-তরুণকে সঙ্গে নিয়ে এক ব্যক্তি দলীয় স্লোগান দেন।

পুলিশ জানিয়েছে, ভিডিওতে স্লোগান দেওয়া ব্যক্তির নাম সাব্বির। তিনি বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ঘটনাটি ঠিক কখন ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন। ভিডিওতে যে স্থানটি দেখা গেছে, সেটি একটি শাটারযুক্ত দোকানঘর। অভিযুক্ত সাব্বির দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *