গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছে কুলাউড়া। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কুলাউড়া কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে নেমে আসে শোক, গর্ব ও অঙ্গীকারের আবহ।
রাত ১২টা ১ মিনিটে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, কুলাউড়া থানা পুলিশ, রেলওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেডিক্যাল টিম, টিম জার্নালিস্ট, উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস (মার্ক্সবাদী), উদিচী শিল্পগোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শহিদ মিনার প্রাঙ্গণে এ সময় নীরবতা পালন, দোয়া ও ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করা হয়। সর্বস্তরের মানুষের উপস্থিতিতে প্রমাণিত হয়—ভাষা আন্দোলনের চেতনা আজও বাঙালির হৃদয়ে সমানভাবে জাগ্রত।
১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগের পথ ধরেই এসেছে স্বাধীনতার সূর্যোদয়। একুশের এই প্রহর শুধু শোকের নয়, এটি আমাদের শপথের দিন—মাতৃভাষার মর্যাদা রক্ষা, অসাম্প্রদায়িক চেতনা ধারণ এবং আগামী প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস পৌঁছে দেওয়ার অঙ্গীকারের দিন।

