পারভেজ হাসান, বিশেষ প্রতিবেদক
সাম্প্রতিক সময়ে অনলাইন প্ল্যাটফর্মে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) নাম ও লোগো ব্যবহার করে ব্যক্তিগত উদ্যোগে একাধিক ফেসবুক পেজ, গ্রুপ ও একাউন্ট খোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসা এসব অননুমোদিত মাধ্যম থেকে বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রচার করা হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
বেরোবি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যেকোনো অফিসিয়াল তথ্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট https://brur.ac.bd/ এবং অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/pr.brur–এর মাধ্যমেই প্রকাশ করা হয়। এসব ছাড়া অন্য কোনো পেজ, গ্রুপ বা একাউন্টের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৫তম সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে খোলা সকল ফেসবুক পেজ, গ্রুপ ও একাউন্টের অ্যাডমিন এবং মডারেটরদের আগামী ২৩ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে তাদের নাম, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদনের জন্য তথ্য না দিলে ঐসব অননুমোদিত পেজ, গ্রুপ ও একাউন্টের অ্যাডমিন-মডারেটরদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন

